Latest Breaking

কলাশ্রী'র ৪০তম প্রতিষ্ঠা দিবস

 
অমিয়তোষ চৌধুরী এবং অয়ন চৌধুরী, হাওড়া : বালির নিশ্চিন্দায় সুস্থ মার্গ শাস্ত্রীয় সঙ্গীত এর প্রচার ও প্রসারে গুরু দায়িত্ব পালন করে চলেছে "কলাশ্রী" যা এক কথায় অভাবনীয় এবং অবশ্যই প্রশংসার দাবি রাখে।তাই কলাশ্রীর ছাত্র ছাত্রীরা বর্তমানে বেতার, দুরদর্শন সহ জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যথেষ্ট সুনাম অর্জন করেছে।                গত ২১শে জুলাই ২০১৯ দেশবন্ধু তরুণ সঙ্ঘের প্রেক্ষাগৃহে কলাশ্রীর ৪০ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। অনুষ্ঠানের সূচনা করেন শ্রীমতী রমা মুখোপাধ্যায় দুটি রবীন্দ্র সংগীত দিয়ে। তবলা সহযোগিতায় পণ্ডিত বিশ্বনাথ মুখোপাধ্যায় এবং পারকাশনে অসিত রঞ্জন মাইতি।
প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শ্রী শৈলেন্দ্র প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা থেকে কিছু ছড়া শোনায় সুমন দাস এবং সোমনাথ দাস। এর পর গুণীজন সংবর্ধনা দেওয়া হল রবীন্দ্রসংগীত শিল্পী শ্রীমতী রেবা ভট্টাচার্য, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শ্রীমতী মঞ্জুশ্রী বসু এবং দূরদর্শন খ্যাত লোকগীতি শিল্পী শ্রীমতী মনিকার দে বসু কে। সংস্থার কর্ণধার পণ্ডিত বিশ্বনাথ মুখোপাধ্যায় প্রত্যেক শিল্পীকে পুষ্পস্তবক দিয়ে, উত্তরীয় পরিয়ে এবং কিছু উপহার দিয়ে সম্মানে ভূষিত করেন। শিল্পীরাও পণ্ডিতজি কে প্রণাম করেন এবং বলেন এই সম্মান পেয়ে তাঁরা নিজেদের ধন্য মনে করছেন।
 শ্রীমতী রেবা ভট্টাচার্য দুটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন যা শ্রোতাদের দীর্ঘদিন মনে থাকবে। শ্রীমতী মণিকা দে বসুর কণ্ঠে লোকগীতি শ্রোতাদের আপ্লুত করে এবং শ্রীমতি মঞ্জুশ্রী বসুর কঠিন অঙ্গের রাগাশ্রয়ী নজরুল গীতি অনুষ্ঠানের অন্য মাত্রা সংযোজন করে।
পূর্ণিমা বসু "শ্রাবণধারা" রবীন্দ্রসঙ্গীতটি যথাযথ পরিবেশন করেন। শিশু শিল্পী সোমনাথ দাসর ছড়ার গান ভাল লাগে। তাপস রানা কয়েকটি গীত ও গজল শুনিয়ে শ্রোতাদের বাহবা আদায় করে নেন। শিল্পী অমিতাভ ঘোষের কণ্ঠে শ্যামল মিত্রের কিছু আধুনিক গান শ্রোতাদের মন জয় করে নেয়। শিল্পীদের সঙ্গে তবলা সহযোগিতায় ছিলেন পণ্ডিত সুমন কাঁড়ার, জয়দীপ চক্রবর্তী, শিবনাথ মুখোপাধ্যায়, সুমন দাস এবং পারকাশনে অসিত রঞ্জন মাইতি।
নৃত্য শিল্পী শ্রীমতী সংসৃতি সেন এর পরিচালনায় ছাত্রছাত্রীদের নিয়ে সমবেত সৃজনশীল নৃত্য পরিবেশিত হয়। শিল্পীরা হলেন ঐশী চক্রবর্তী, পৃথা চ্যাটার্জী, রিক্তা চ্যাটার্জি, রিমঝিম সামন্ত, সুবর্ণ মণ্ডল,দীপশিখা দাস।
নৃত্যশিল্পী শ্রীমতী সংসৃতি সেন হিন্দি সিনেমা গাইড ছবি থেকে "পিয়া তোসে নয়না লাগে রে" গানটির অসাধারণ নৃত্যশৈলী প্রদর্শন করেন।             

অনুষ্ঠানের শেষ নিবেদন ছিল পণ্ডিত বিশ্বনাথ মুখোপাধ্যায়ের পরিকল্পিত তবলা তরঙ্গ। অংশ নেন পণ্ডিত সুমন কাঁড়ার, জয়দীপ চক্রবর্তী, তাপস রানা, সুমন দাস, সুপ্রিয় বিশ্বাস, হারমোনিয়াম সহযোগিতায় অমিতাভ ঘোষ। উপস্থাপনায় ছিলেন পারমিতা রায়।

No comments