Latest Breaking

মেদিনীপুর ভাগ হয়ে ৫ টুকরো হচ্ছে, নামকরন নিয়ে প্রস্তাব পাঠাচ্ছে মেদিনীপুর সমন্বয় সংস্থা

ঋভুব্রত সেনগুপ্ত : মেদিনীপুর জেলা ভাগ হয়ে ৫ টুকরো হচ্ছে।   নতুন জেলার নামের সঙ্গে মেদিনীপুর যুক্ত করার দাবিতে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার কাছে লিখিত প্রস্তাব পাঠাচ্ছে মেদিনীপুর সমন্বয় সংস্থা।  গত রবিবার জননেত্রী শ্রীমতী আভা মাইতির জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করেছিল মেদিনীপুর সমন্বয় সংস্থা।  মেদিনীপুরের অগ্নিকন্যা ছিলেন আভা মাইতি। তিনি দীর্ঘদিন সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন।  আভা মাইতির আন্দোলনের ইতিহাস তুলে ধরে  বক্তব্য রাখতে গিয়ে মেদিনীপুর জেলা ভাগের প্রসঙ্গ ওঠে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে মেদিনীপুর যুক্ত থাকলেও ঝাড়গ্রাম নাম নিয়ে খুশি নন মেদিনীপুরের বাসিন্দারা। সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কাঁথি ও ঘাটাল আরো দুটো নতুন জেলা হবে। কলকাতার ভারতসভা হলে বক্তব্য রাখতে গিয়ে মেদিনীপুর সমন্বয় সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক  রতিকান্ত মালাকার বলেন, নতুন জেলার নামের সঙ্গে মেদিনীপুর যুক্ত করার দাবিতে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা সবার কাছেই মেদিনীপুর সমন্বয় সংস্থার পক্ষ থেকে চিঠি পাঠানো হচ্ছে।



    মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে জননেত্রী শ্রীমতী আভা মাইতির জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অবিভক্ত মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং কলকাতা ও শহরতলীতে বসবাস করেন এরকম প্রায় দুই শত অনুরাগীর উপস্থিতিতে এই অনুষ্ঠান সুসম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন  সংস্থার বর্তমান সভাপতি মাননীয় অরূপরতন পট্টনায়ক মহাশয়। অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় অজিত কুমার নায়ক, প্রাক্তন মন্ত্রী অধ্যাপক প্রবোধ চন্দ্র সিনহা, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জোতির্ময় কর, ভারতসভার সাধারণ সম্পাদক মাণিকচন্দ্র দোলই, কার্যকরী সভাপতি বিমল কুমার  জানা , মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট অনিল কুমার জানা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণবেশ জানা, আভা মাইতি স্মৃতি রক্ষা কমিটির কর্ণধার অনিমেষ মাইতি প্রমুখ। 



   প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করার পর শ্রীমতী আভা মাইতির প্রতিচ্ছবিতে একে একে মাল্যদান করে ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা  জানানো হয়। তারপর অতিথি বরণ করা হয়।
   মাননীয় অতিথিবৃন্দের প্রত্যেকে আভা মাইতির বহুমুখী কর্মকান্ডের উপর আলোকপাত করেন এবং এধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য মেদিনীপুর সমন্বয় সংস্থার কর্মকর্তাগণের ভুয়সী প্রশংসা করেন। স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন মন্ত্রীর জন্মশতবর্ষ উদ্ যাপনের জন্য ভারতে জাতীয়তাবাদ উন্মেষের মূল হোতা ভারতসভাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত যথার্থ বলে কোন কোন বক্তা মতপ্রকাশ করেন। এই প্রসঙ্গে জানানো যায় যে বছরব্যাপী মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়। আভা মাইতির ছবি অঙ্কন, আভা মাইতি সম্পর্কিত প্রবন্ধ রচনা ও স্বরচিত কবিতার প্রতিযোগিতা করা হয়েছিল। হলদিয়ায় ইউনিটের মাননীয় সংলাপ মাইতি ও তাঁর সহযোগীরা এই প্রতিযোগিতা করার গুরুদায়িত্ব পালন করেছেন। স্বরচিত কবিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন হৃষিকেশ পড়্যা, দেবনাথ দে ও প্রণয়কুমার দাস। অনুরূপে প্রবন্ধ লেখায় সৌরিৎ মাইতি, অনন্যা খাঁড়া ও কাত্যায়নী করশর্মা আর ছবি আঁকায় শুভদীপ সাহু, অর্কদীপ দাস ও শরণ্যা পড়্যা। অখণ্ড মেদিনীপুর জেলা জুড়ে শাখা সংগঠনগুলিও বছরের বিভিন্ন সময়ে আভা মাইতির জন্মশতবার্ষিকী অনুষ্ঠান করেছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেদিনীপুর সমন্বয় সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক মাননীয় রতিকান্ত মালাকার মহাশয়।

No comments