"বাংলার শিক্ষক দিবস" উদযাপন এবং "বিদ্যাসাগর শিক্ষক সম্মাননা" প্রদান
বিশেষ প্রতিবেদন : বাংলা গদ্য সাহিত্যের জনক, মহান সমাজসংস্কারক, মহামানব, প্রাতঃস্মরণীয় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৫তম আবির্ভাব দিবস উপলক্ষে অখণ্ড মেদিনীপুরের ঐতিহ্যবাহী সংগঠন "মেদিনীপুর সমন্বয় সংস্থা"র উদ্যোগে ২৯ সেপ্টেম্বর "বিদ্যাসাগর শিক্ষক সম্মাননা" প্রদান করা হল সংস্থার প্রথিতযশা ১২ জন শিক্ষক মহাশয়কে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর মিলন মঞ্চে। অনুষ্ঠানটি আয়োজন করে মেদিনীপুর সমন্বয় সংস্থা ঘাটাল-দাসপুর আঞ্চলিক ইউনিট।
অনুষ্ঠানের সূচনা হয় সংস্থার চারজন আইকন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শহীদ মাতঙ্গিনী হাজরা( যাঁর এদিন ৮৩তম আত্ম বলিদান দিবস ও উদযাপিত হয়), দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, অগ্নি কিশোর ক্ষুদিরাম এবং স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য্য এর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে।
এরপর অনুষ্ঠানস্থল থেকে সকাল সাড়ে দশটার সময় একটি বর্ণাঢ্য পদযাত্রার সূচনা হয়। পদযাত্রাটি দাসপুর শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। পদযাত্রা পরিক্রমণ কালে বিভিন্ন স্থানে অবস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশ্বকবি রবীন্দ্রনাথ, নেতাজী সুভাষচন্দ্র বসু, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য, সিধু-কানহু প্রমুখ মণীষী ও বিপ্লবীদের মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই পদযাত্রাটিতে সংস্থার সদস্য সদস্যা সহ স্থানীয় অধিবাসীবৃন্দ, স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।
মূল অনুষ্ঠানটি শুরু হয় দ্বিপ্রাহরিক আহারের পর দুপুর একটার সময়। মঞ্চে অভ্যাগত অতিথি এবং "বিদ্যাসাগর শিক্ষক সম্মাননা" প্রাপক শিক্ষকদের মঞ্চে আহ্বান করা হয় এবং তাঁদেরকে চন্দনের ফোঁটা, উত্তরীয় ও ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার সভাপতি মাননীয় শ্রীযুত মন্মথনাথ দাস মহাশয়। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী জয়শ্রী ভট্টাচার্য। তারপর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী রতিকান্ত মালাকার মহাশয়।
বিদ্যাসাগরের আদর্শ ও কর্মজীবন বিষয়ে আলোচনা করেন ঘাটাল-দাসপুর আঞ্চলিক ইউনিটের সম্পাদক ডঃ হরগোবিন্দ দোলই, ভারত সভার সাধারণ সম্পাদক শ্রী মানিক চন্দ্র দোলই এবং ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শ্রী তারাশঙ্কর দাস বৈরাগী।
তারপর "বিদ্যাসাগর শিক্ষক সম্মাননা -- ২০২৪" প্রদান করা হয় সংস্থার ১২জন প্রথিতযশা শিক্ষক মহাশয়দের। তারমধ্যে যে পাঁচ জন উপস্থিত ছিলেন তাঁরা হলেন অধ্যাপক গবেষক ডঃ বিবেকানন্দ রায়, অধ্যাপক ডঃ গঙ্গারাম মিত্র, শ্রী সন্তোষ কুমার মাইতি, শ্রী বিজয় কৃষ্ণ দাস, শ্রী সত্রাজিৎ জানা।
অনুষ্ঠানের মাঝে মাঝে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, বংশীবাদন ও যন্ত্রসংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ঘাটাল-দাসপুর আঞ্চলিক ইউনিটের সভাপতি ডঃ নিমাই চাঁদ মাইতি। সভাপতি শ্রী মন্মথনাথ দাস মহাশয়ের সভাপতির বক্তব্যের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সুকুমার পাত্র, পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ শ্রী সুনীল ভৌমিক, সংস্থার কার্যকরী সভাপতি অধ্যাপক ডঃ গৌর গোপাল মাইতি, ভূতপূর্ব কার্যকরী সভাপতি শ্রী বিমল কুমার জানা, সহসভাপতি অধ্যক্ষা শিখা মাইতি, সহ কোষাধ্যক্ষ অমিয় কুমার মাইতি , যুগ্মসম্পাদক শ্রী রাজকুমার মাইতি, অধ্যাপক শ্যামাপদ জানা, শ্রী সুরপতি প্রধান , মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা, কার্যকরী সভাপতি ডঃ মিলন কুমার সরকার, দক্ষিণ কলকাতা ইউনিটের সম্পাদক শ্রী সুব্রত কুমার মাঝি, সাঁতরাগাছি আঞ্চলিক ইউনিটের সম্পাদক শ্রী শান্তিপদ দাস,বেলদা আঞ্চলিক ইউনিটের সম্পাদক শ্রী পুলক রঞ্জন পাত্র, খেজুরী আঞ্চলিক ইউনিটের সম্পাদক শ্রী সুমন নারায়ণ বাকরা, কেন্দ্রীয় কমিটির পরিবেশ উপসমিতির আহ্বায়ক শ্রী হরিপদ পাত্র, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী অনিমেষ ভট্টাচার্য, শ্রী দেবীপ্রসাদ নন্দী , শ্রী অশোক কুমার জানা, স্থানীয় বহু বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ ।
অনুষ্ঠানটির প্রথম পর্ব সঞ্চালনা করেন ঘাটাল-দাসপুর আঞ্চলিক ইউনিটের কার্যকরী সভাপতি শ্রী আশীষ কুমার মন্ডল এবং বিদ্যাসাগর শিক্ষক সম্মাননা প্রদানের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার যুগ্ম সম্পাদক ডাঃ অরূপ কুমার দাস।

No comments