শিক্ষাই হলো জীবনের আসল কবিতা, আল-আমীন মিশনের মাধ্যমে জনাব নূরুল ইসলাম গড়ে তুলেছেন একটি মহাকাব্য : জয় গোস্বামী
নিজস্ব প্রতিনিধি, তমলুক : শিক্ষাই হলো জীবনের আসল কবিতা, আল-আমীন মিশনের মাধ্যমে জনাব নূরুল ইসলাম গড়ে তুলেছেন একটি মহাকাব্য, শনিবার 'তাম্রলিপ্ত সম্মান ২০২৬' প্রদান অনুষ্ঠানে এসে এমনি মন্থব্য করলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কবি জয় গোস্বামী।
পূর্ব মেদিনীপুরের ঐতিহাসিক তমলুক শহরে এনএইচকে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে (স্থাপিত ২০০৩) সাড়ম্বরে অনুষ্ঠিত হলো মর্যাদাপূর্ণ 'তাম্রলিপ্ত সম্মান ২০২৬'। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি তথা সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত শ্রী জয় গোস্বামী।এ বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ 'লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' (জীবনকৃতি সম্মান) প্রদান করা হয় আল-আমীন মিশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জনাব এম. নূরুল ইসলামকে। শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে বিগত চার দশক ধরে তাঁর অসামান্য ও রূপান্তরকারী অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান তুলে দেওয়া হয়। প্রধান অতিথির ভাষণে কবি জয় গোস্বামী বলেন, "শিক্ষাই হলো জীবনের আসল কবিতা। জনাব নূরুল ইসলাম আল-আমীন মিশনের মাধ্যমে যা গড়ে তুলেছেন, তা নিজেই একটি মহাকাব্য।"
এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে সমাজ ও সংস্কৃতির আরও ৬টি বিশিষ্ট বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাপকদের তালিকায় ছিলেন :
ক্রীড়া ও গেমস: ইয়ুথ বেঙ্গল স্পোর্টস অ্যাকাডেমি (এগরা)
সমাজসেবা: শুভেচ্ছা হেলথ ওয়েলফেয়ার সোসাইটি (পাঁশকুড়া)
শিক্ষা: ড. জয়দীপ সারঙ্গী (অধ্যক্ষ, নিউ আলিপুর কলেজ, কলকাতা)
পরিবেশ: শ্রীমতী সাবিত্রী জানা সান্নিগ্রাহী এবং শ্রী শ্যামল কান্তি সান্নিগ্রাহী (হুমগড়)
স্বাস্থ্য ও সুস্থতা: কোলাঘাট সংকেত ক্লাব (কোলাঘাট)
শিল্প ও সংস্কৃতি: শ্রী দেবব্রত দত্ত (তমলুক)
অনুষ্ঠানের শেষলগ্নে এনএইচকে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পাদক *শেখ খাইরুল ইসলাম* বলেন, "তাম্রলিপ্ত শুধু একটি নাম নয়, এটি আমাদের অহংকার। এই সম্মানের মাধ্যমে আমরা বাংলার সেই সমস্ত পর্দার আড়ালের নায়কদের কুর্নিশ জানাচ্ছি, যাঁরা নীরবে বিকশিত ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন।"
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে এই দিনের গৌরবোজ্জ্বল ও মননশীল অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ।



No comments