Latest Breaking

প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি ঐক্যমঞ্চের


শোভন কুমার পাল, নিউজ বেঙ্গল টুডে, কলকাতা : "প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ থাকবে। সেটা কেন্দ্রীয় বাহিনী হতে পারে। আবার রাজ্য পুলিশও হতে পারে।" কমিলনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সারা রাজ্যের ভোট কর্মীদের মধ্যে ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে ঐক্যমঞ্চের ডেপুটেশনে নির্বাচন আধিকারিক সহমত পোষণ করেছিলেন। কিন্তু এখন তাঁরা  অন্য কথা বলছেন। শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন যে, "রাজ্যে ৭ দফায় ভোট হচ্ছে। তাহলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে অসুবিধা কোথায়? আমরা চাই প্রকৃত নিরাপত্তা। নির্বাচন কমিশন যদি এই ভাবে ভোটকর্মীদের নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেন তাহলে ভোটকর্মীরা বাধ্য হবেন ভোট গ্রহণের দায়িত্ব থেকে নিজেদেরকে সরিয়ে নিতে। নির্বাচনে কোন্ দল জিতবে বা কোন্ দল পরাজিত হবে তা নিয়ে বিন্দুমাত্র আমাদের মাথা ব্যথা নেই। আমরা চাই সুনিশ্চিত নিরাপত্তা।"

      তিনি সারা রাজ্যের ভোট কর্মীদের উদ্দেশ্যে কমিশনের এই আচরণের তীব্র প্রতিবাদে নিজেদেরকে সামিল করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "সবার আগে নিজেদের জীবন রক্ষা করাই হচ্ছে সাংবিধানিক অধিকার। তাকে লংঘন করে কোনোভাবেই আমরা ভোটকর্মীর দায়িত্ব পালন করতে বাধ্য নয়। অবিলম্বে নির্বাচন কমিশন তাঁদের সিদ্ধান্ত পরিবর্তন করে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটকর্মীদের সুনিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করুক। এছাড়া ভোটকর্মী হিসেবে আমরা আমাদের দায়িত্ব বয়কট করতে বাধ্য হব।"

No comments