Latest Breaking

নকআউট নার্সারি ফুটবলে সেরার শিরোপা বোসপুকুর ইয়ংস্টারের


সোমনাথ মুখার্জী, নিউজ্ বেঙ্গল টুডে, কলকাতা : নাকতলা প্রভাত সংঘের পরিচালনায়, একদা কলকাতা ময়দান কাঁপানো প্রয়াত ফুটবলার কৃশানু দে-র নামাঙ্কিত চ্যালেঞ্জ কাপের ফাইনাল ম্যাচ আজ ৩১শে মার্চ অনুষ্ঠিত হয়ে গেল প্রভাত  সংঘের মাঠে। কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলের মোট ৮টি দলের অংশগ্রহণের মাধ্যমে গত ১৭ই ফেব্রুয়ারি এই নকআউট নার্সারি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়। ফ্লাডলাইট জ্বালিয়ে আজ ফাইনাল খেলাটি হল বোসপুকুর ইয়ংস্টার,কসবা বনাম বেলেঘাটা বলাকার।

১৫ বছর গড় বয়সের ছেলেদের স্কিলের বিচ্ছুরণ ও নাছোড় মনোভাবের ফলে এক বর্ণময় ফুটবল ম্যাচের সাক্ষী থাকল অসংখ্য মানুষ। এক রুদ্ধশ্বাস ও টানটান খেলার উপহার দিল দুই দল। নির্ধারিত সময়ে দুই দলই ৩টি করে গোল করে, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বোসপুকুর ইয়ংস্টার ৪-২ গোলে বেলেঘাটা বলাকাকে পরাজিত করে। বিজয়ী দলের হাতে 'কৃশানু দে চ্যালেঞ্জ কাপ' তুলে দেন অতীতের খ্যাতনামা ফুটবলার তরুণ বসু। উপস্থিত ছিলেন অতীতের আরেক স্বনামখ্যাত ফুটবলার প্রদীপ চৌধুরী, সংশ্লিষ্ট ৯৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তী, কলকাতা কর্পোরেশনের মেয়র-পারিষদ দেবাশিস কুমার ও কৃশানু দে-র স্ত্রী শর্মিলা দে। বেলেঘাটা বলাকার হাতে 'দিগেন্দ্রনাথ দত্ত রানার্স ট্রফি' তুলে দিয়ে প্রাক্তন খেলোয়াড় প্রদীপ চৌধুরী বলেন, এই ধরনের প্রতিযোগিতায় স্থানীয় দলের বিশেষ ভাবে অংশগ্রহণ করা উচিত তাহলে অঞ্চলের মানুষ আরও বেশি করে খেলার বিষয়ে আগ্রহী হবে। সালকিয়া  ফুটবল কোচিং পেল ফেয়ার প্লে ট্রফি ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেল শফিক মিস্ত্রি(বোসপুকুর ইয়ংস্টার)।
কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তী ও মেয়র-পারিষদ দেবাশিস কুমার কোনো বক্তব্য রাখেননি। ক্লাব সেক্রেটারি আশিস ঘোষ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।।

No comments