Latest Breaking

মমতার খাসতালুকে আছড়ে পড়ল 'লালবৈশাখী' ঝড়


সোমনাথ মুখার্জী, নিউজ্ বেঙ্গল টুডে, কলকাতা : দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হাজরা মোড়ে আছড়ে পড়ল 'লালবৈশাখী' ঝড়।
যে হাজরা মোড় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বিভিন্ন সময়ের আন্দোলনের সুবাদে সংবাদের শিরোনামে উঠে এসেছে বারবার, সেখানেই যেদিকে চোখ যায় সেদিকেই লাল ঝান্ডায় মোড়া বিপুল জনসমাগমের মাঝে বামফ্রন্টের সবকটি শরিকের মিলিত আয়োজনে এক নির্বাচনী জনসভা হল দঃ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী কমঃ নন্দিনী মুখার্জীর সমর্থনে।
এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন সি পি আই এম রাজ্য সম্পাদক কমঃ সূর্যকান্ত মিশ্র, সি পি আই রাজ্য সম্পাদক কমঃ প্রবীর দেব, ফঃ বঃ রাজ্য সম্পাদক কমঃ নরেন চ্যাটার্জি, আর এস্ পি কলকাতা জেলা কমিটির সম্পাদক তথা ৯৯ নং ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস মুখার্জী, সি পি আই এম কলকাতা জেলা কমিটির সম্পাদক,তরুণ তুর্কি,কমঃ কল্লোল মজুমদার 
প্রমুখ বাম নেতৃত্ব।
সকলের মিলিত বক্তব্যে ছিল তীব্র আক্রমণের ঝাঁঝ। কেন্দ্রে বিজেপি ও রাজ্যে তৃণমূল সরকার যে একই মুদ্রার দুই পিঠ তা চাঁচাছোলা ভাষায় ব্যক্ত করলেন সকলেই। সাম্প্রদায়িক মেরুকরণ, শিক্ষা-স্বাস্থ্যে নৈরাজ্য, দুর্নীতি, স্বৈরাচার, করপোরেট লুট ইত্যাদি একঝাঁক ইস্যুতে দুই সরকারকেই বিঁধলেন নেতারা।  সময় যত এগুলো আক্রমণের ঝাঁঝ তীব্র থেকে তীব্রতর হল।
বারবার উঠে এল বেকারত্বের ভয়াবহ অবস্থা অথবা সাম্প্রতিকপুলওয়ামা-বালাকোট কান্ডের  মতো বিষয়।

অত্যন্ত পরিশীলিত ও মার্জিত ভাবে বক্তব্য শুরু করেন নন্দিনী মুখার্জী। তিনি বলেন যে শিক্ষায় নৈরাজ্য ও কর্মহীন  অবস্থা তরুণ প্রজন্মের সামনে  ভয়ঙ্কর বিপদ হয়ে দাঁড়িয়ে আছে। জীবন আজ     অসুরক্ষিত। তিনি আরও বলেন যে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায় অতীতে একাধিকবার দল পাল্টিয়েছেন যা তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় এবং "তৃণমূল দলে কোনো প্রার্থীরই নিজস্বতা নেই, এই দলে একটাই মুখ আর বিয়াল্লিশটি মুখোশ।"

সম্প্রতি বিভিন্ন লোকসভা কেন্দ্রের বাম প্রার্থীদের আক্রান্তের মতো বিষয় দিয়ে তাঁর বক্তব্য শুরু করেন এদিনের সভার আকর্ষণ মূল বক্তা সূর্যকান্ত মিশ্র। মনে করিয়ে দেন যে গণতন্ত্রের মূল হচ্ছেন মানুষ, যারা নিজেদের অধিকার বুঝে নিয়ে নতুন ইতিহাস তৈরি করতে সক্ষম।তিনি দাবী করেন যে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল আদৌ ভালো হবে না। সাম্প্রতিক অভিষেক ব্যানার্জির স্ত্রীর সোনা কান্ডের উল্লেখ করে তিনি বলেন যে দুই সরকারের গোপন সমঝোতার ফলে অভিষেক ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তে, যেখানে লালুপ্রসাদ বা ইয়েদুরাপ্পা শাস্তি ভোগ করছেন বিজেপির সাথে সমঝোতা না করায়। দেশব্যাপী তথা রাজ্যব্যাপী তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সূর্যবাবু বলেন যে, "দেশে বিকল্প ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকার গড়তে বামপন্থীদের লড়াই চলবে।" "সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই" এই লক্ষ্যে এবারের নির্বাচনে সব বামপন্থী দলগুলো প্রতিদ্বন্দিতা করবে ও কৃষক-শ্রমিক, খেটে খাওয়া মানুষের সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।।

No comments