রেল ভাড়ায় ছাড় তুলে দিয়েছে কেন্দ্র, ক্ষতে প্রলেপ দিতে সাংবাদিকদের মাসিক ভাতার প্রতিশ্রুতি !
বঙ্গপ্রদেশ নিউজ ডেস্ক , কলকাতা : সাংবাদিকদের রেল ভ্রমণ কনকেশন তুলে দিয়েছে রেল মন্ত্রক, 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সাংবাদিকদের যাতায়াতের সুবিধার কথা ভেবে 50 শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। বর্তমানে মোদী সরকারের রেলমন্ত্রী এই ছাড় তুলে দেওয়ার জন্য সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল, সেই ক্ষতে প্রলেপ দিতে, রাজ্যে ক্ষমতায় এলে সাংবাদিকদের মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিল বিজেপি।
কলকাতা প্রেস ক্লাবে শনিবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ঘোষণা করেন, 'বিজেপি ক্ষমতায় এলে সাংবাদিকদের জন্য মাসিক ৫ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হবে’, শমীক আরও বলেন, “বহু সাংবাদিক অত্যন্ত প্রতিকূল এবং আর্থিক অনটনের মধ্যে কাজ করছেন। তাঁদের সামাজিক সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা ক্ষমতায় এলে পক্ষপাতিত্ব ছাড়াই সাংবাদিকদের এই ভাতা দেব।”
ভারতের একাধিক রাজ্যে ইতিমধ্যেই সাংবাদিকদের জন্য পেনশন বা মাসিক ভাতার ব্যবস্থা চালু রয়েছে। যেমন, হরিয়ানায় সাংবাদিকদের জন্য মাসিক ১০ হাজার টাকা পেনশন দেওয়া হয়। বিজেপি শাসিত এই রাজ্যে এই প্রকল্প বেশ জনপ্রিয়। রাজস্থানে প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক পেনশনের ব্যবস্থা রয়েছে। উত্তরপ্রদেশে সাংবাদিকদের সামাজিক সুরক্ষা ও পেনশনের জন্য বিশেষ প্রকল্প রয়েছে যোগী সরকারের। অসমেও সাংবাদিকদের জন্য এককালীন ও মাসিক পেনশনের সুবিধা দেয় রাজ্য সরকার। তা ছাড়া তামিলনাড়ুতেও সাংবাদিকদের জন্য পেনশন ও কল্যাণমূলক তহবিল চালু আছে।
তৃণমূল কংগ্রেসের নেতা নন্দ মিশ্র বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকাকালীন, সাংবাদিকদের এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করার জন্য টিকিটের উপর ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করেছিলেন। শুধু সাংবাদিক নন, তাঁর পরিবারও বছরে একবার এই সুবিধা পেতেন। কিন্তু মোদী সরকার সেই ছাড় তুলে দিয়েছে, এখন পুরো ভাড়া দিয়ে সাংবাদিকদের যাতায়াত করতে হয়। সাংবাদিকদের রেলে ভ্রমনে 50 শতাংশ ছাড় দেওয়ার সদিচ্ছা যেখানে কেন্দ্রের বিজেপি সরকারের নেই, সেখানে, তারা রাজ্যে ক্ষমতায় এলে 5000 টাকা ভাতা দেবে, এটা যেন সোনার পাথর বাটি দেওয়ার প্রতিশ্রুতি !"

No comments