Latest Breaking

জুরাসিক পার্ক থেকে ট্যারেন্টুলা, থিমের চমকে এবারও নজর কাড়তে চলেছে ঘাটাল-চন্দ্রকোণা



সংবাদদাতা, ঘাটাল : ঘাটাল ও চন্দ্রকোণা থানা এলাকায় সর্বজনীন পুজোর চল তুলনামূলকভাবে অনেক কম। দাসপুর থানা এলাকায় যেখানে মোট পুজোর সংখ্যা ১৫২, সেখানে ঘাটাল ও চন্দ্রকোণা, এই দু’টি থানা এলাকায় দুর্গাপুজোর সংখ্যা ১৪৮টি।

এই দু’টি থানা এলাকায় পুজোর উদ্যোক্তারা আকর্ষণীয় মণ্ডপ তৈরি করতে চেষ্টার কোনও ত্রুটি রাখেন না।

ঘাটালের ১৬ নম্বর ওয়ার্ডের পঞ্চপল্লি অন্যান্য বছরের মতো এ বছরও সর্বাধিক দর্শক টানবে বলে উদ্যোক্তাদের আশা। পুজো কমিটির কর্মকর্তা অরূপ মাজি বলেন, এবার ২৪তম বছরে মণ্ডপে রূপকথার পরিবেশ থাকবে। থাকবে মায়াবি আলো, রূপকথার গল্পের নায়িকা, পরী সহ স্বর্গের পরিবেশ। সেই সঙ্গে থাকছে আকর্ষণীয় প্রতিমা।

ঘাটাল শহরের কৃষ্ণনগর তিনের পল্লি তাদের ২৭তম বর্ষে বন্যা দুর্গত ঘাটাল মহকুমার আর্ত মানুষের ছবি ফুটিয়ে তুলছে মণ্ডপে। ওই পুজো কমিটির কর্মকর্তা তথা কাউন্সিলার তুহিনকান্তি বেরা বলেন, মা দুর্গার সামনে বেশ কয়েকজন বন্যার্ত মানুষ থাকবে।

যারা দেবীর কাছে বন্যা থেকে ঘাটালকে মুক্ত করার কাতর প্রার্থনা জানাবে। মন্দিরের আদলে কাগজ দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে। প্রতিমা ও মণ্ডপের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে থাকছে অত্যাধুনিক আলোর রোশনাই।

ছ’-এর পল্লি তাদের চতুর্থ বছরে তৈরি করছে জুরাসিক পার্ক। প্রায় দু’কাঠা জায়গাজুড়ে তৈরি হচ্ছে ওই থিম। ১২টি ডাইনোসর থাকবে। এদের মধ্যে দু’টির উচ্চতা ১০ ফুট। লম্বায় ১৫ ফুট করে। বাকিগুলির উচ্চতা হবে চার ফুট করে। শব্দ ও আলোর মাধ্যমে ডাইনোসর ও অ্যানাকোন্ডাকে জীবন্ত করে তোলা হবে।

সাতের পল্লি বিশ্ব উষ্ণায়নের সতর্কবার্তা দিয়ে এবার থিম করেছে। মন্দিরের আদলে পাটের কারুকার্য সহযোগে মণ্ডপ হচ্ছে। মণ্ডপের জন্য পাটের কাজের শিল্পসামগ্রী বানাচ্ছেন এলাকার মহিলারা। স্থানীয় বাসিন্দা লিপিকা মাইতি ও মীনারানি জানা বলেন, আমার প্রায় ৩৫জন মহিলা ১২ কুইন্টাল পাট দিয়ে মণ্ডপের জন্য কাজ করছি। মণ্ডপটি বেশ আকর্ষণীয় হবে বলে এলাকার বাসিন্দাদের ধারণা।

No comments